বিসিসিআই থেকে পদত্যাগ করলেন রামচন্দ্র গুহ
রাইট স্পোর্টস ডেস্ক
বিসিসিআইয়ের প্রশাসকদের প্যানেল থেকে পদত্যাগ করলেন বিশিষ্ট ঐতিহাসিক ও লেখক রামচন্দ্র গুহ। এবছরের জানুয়ারি মাসেই তাঁকে ওই প্যানেলের সদস্য হিসাবে নিয়োগ করেছিল সুপ্রিম কোর্ট। বিসিআইয়ের প্রশাসক কমিটির চেয়ারম্যান বিনোদ রাইয়ের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন এই বিশিষ্ট ইতিহাসবিদ। ব্যক্তিগত কারণেই এই পদত্যাগ বলে শীর্ষ আদালতকে জানিয়েছেন তিনি। তবে শীর্ষ আদালত তাঁকে লিখিতভাবে কারণ জানানোর নির্দেশ দিয়েছে। ওই চিঠির বিষয়টি জুলাই মাসে বিবেচনা করবে সুপ্রিম কোর্ট।
বিসিসিআই প্রধান অনুরাগ ঠাকুর ও সচিব অজয় সিরকে-কে সরানোর পর এই সংস্থা পরিচালনার জন্য কয়েকজন প্রশাসককে নিয়োগ করে সুপ্রিম কোর্ট। এঁদের মধ্যে ছিলেন ঐতিহাসিক রামচন্দ্র গুহ, প্রাক্তন সিএজি বিনোদ রাই, ভারতের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ডায়ানা এডুলজি ও ব্যাঙ্কার বিক্রম লিমায়ে। বিশিষ্ট ঐতিহাসিক রামচন্দ্র গুহর লেখালেখির বিষয় রাজনীতি, সমাজতত্ত্ব, পরিবেশ ও ক্রিকেটের ইতিহাস।
No comments