হকিতে এগিয়েও হার ভারতের
রাইট স্পোর্টস ডেস্ক
এগিয়ে গিয়েছিল। কিন্তু, বেলজিয়ামের কাছে ১-২ হেরে গেল ভারতীয় হকি দল। জার্মানির ডুসেলডর্ফে ত্রিদেশীয় আমন্ত্রণমূলক ম্যাচের তৃতীয় কোয়ার্টারে চমৎকার পেনাল্টি কর্নার থেকে ভারতকে এগিয়ে দেন হরমনপ্রীত সিং। তবে ম্যাচের শেষ বাঁশি বাজার সময় খেলার ফল বেলজিয়াম ২, ভারত ১।
বৃহস্পতিবার প্রথম ম্যাচে জার্মানিকে ৫-২ গোলে হারায় বেলজিয়াম। আজও তারা শুরুতে চেপে ধরে ভারতকে। তবে ভারতীয় ডিফেন্সে বাধার প্রাচীর তুলে দাঁড়ান রূপিন্দর পাল সিং, হরমনপ্রীত সিং ও সুরেন্দর কুমার। ম্যাচের ১৯ মিনিটে প্রথম পেনাল্টি কর্নার পায় ভারত। তবে তা কাজে লাগেনি। হরমনপ্রীতের প্রয়াস আটকে দেন বেলজিয়ান ডিফেন্ডার। দ্বিতীয় পেনাল্টি কর্নার থেকে গোল করার চেষ্টা করেন রমণদীপ সিং, যা আটকে দেন বেলজিয়ান গোলকিপার।
দ্বিতীয়ার্ধে পঞ্চম পেনাল্টি কর্নার থেকে চমৎকার স্টিকের কাজে বেলজিয়ান গোলকিপারকে পরাস্ত করে গোল করেন হরমনপ্রীত। ম্যাচে এগিয়ে যায় ভারত। কিন্তু ম্যাচের চতুর্থ কোয়ার্টারে পর পর ২টি গোল করে বেলজিয়াম। ৫২ মিনিটে গোল করেন চার্লিয়ার। ৫৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আরও একটি গোল করে দলকে জিতিয়ে দেন বুন।

No comments