পেনাল্টি নষ্ট করে ভারতের হার রোনালদোদের লিসবনের কাছে
রাইট স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপের প্রস্তুতিতে প্রথম ইউরোপ সফর হেরেই শেষ করল ভারতের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ দল। ক্রিস্তিয়ানো রোনালদোর স্পোর্টিং লিসবনের কাছে হারল ১-২।
পর্তুগিজ ফুটবলে অন্যতম সেরা ক্লাব স্পোর্টিং লিসবন। এই ক্লাবের যুবদল থেকেই উঠে এসেছিলেন লুইস ফিগো, নানি, রোনালদোর মতো বিশ্ববিখ্যাত ফুটবলাররা। খেলার প্রথমার্ধের ৪০ মিনিটে গোল করে লিসবনকে এগিয়ে দিয়েছিলেন কার্লোস সিলভা। পরের মিনিটেই পাল্টা গোল করে ভারতের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ দলকে সমতায় ফেরান অনিকেত যাদব। তবে ৫১ মিনিটে ফের গোল করে লিসবনকে এগিয়ে দেন উসুমানে। ওই গোলেই ম্যাচের ফয়সালা হয়।
ম্যাচের শুরুটা ভালই করেছিল ভারতের ছেলেরা। গতির সঙ্গে ছিল উইং থেকে আক্রমণ। পেনাল্টি বক্সের ডানধার থেকে একটা লম্বা শট নিয়েছিলেন নাওরেম। তবে সেই শট রুখে দেন লিসবনের গোলরক্ষক। দ্বিতীয়ার্ধেই বক্সের মাথা থেকে পোস্ট লক্ষ্য করে শট নিয়েছিলেন অভিজিৎ, যা আটকে দেয় প্রতিপক্ষ রক্ষণ। হাফ টাইমের ঠিক আগে কর্নার থেকে গোলে বল ঠেলেন কার্লোস সিলভা। আটকাতে পারেননি এ-ম্যাচে ভারতের গোলরক্ষক গিল।
গোলের পর খেলা শুরু হতেই ম্যাচে সমতা ফেরান অনিকেত। এরপর ভারতীয়দের ঘন ঘন আক্রমণে চাপে পড়ে যায় লিসবন। আনোয়ারের হেড সোজা চলে যায় লিসবনের গোলরক্ষকের হাতে। কয়েক মিনিট পরেই উসুমানে গোল করে লিসবনকে ফের চালকের আসনে বসিয়ে দেন। উসুমানের গোলের ঠিক ৬ মিনিট পর পেনাল্টি পায় ভারত। তবে সুযোগ কাজে লাগাতে পারেননি অনিকেত যাদব।
No comments