৯০ মিনিটে ড্র হলে সরাসরি টাইব্রেকার, ইউনাইটেড নাকি জেনেছিল বিরতিতে!
শান্তনু ব্যানার্জি
১৩-১২! অনূর্ধ্ব ১৮ আই লিগ প্রথম সেমিফাইনালের ফল!
নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর টাইব্রেকারে প্রথমে পাঁচটি করে শট। তারপর সাডেন ডেথ। সেখানে এআইএফএফ এলিট আকাদেমির গোলরক্ষক শমীক মিত্র নায়ক হয়ে যান ইউনাইটেড স্পোর্টসের রাহুল পুরকাইতের পেনাল্টি বাঁচিয়ে। প্রসঙ্গত, ৯০ মিনিটে পেনাল্টি বাঁচানোর জন্যই পরিবর্ত হিসাবে নামানো হয়েছিল শমীককে।
ইউনাইটেড স্পোর্টসের কর্তা নবাব ভট্টাচার্য অবশ্য একেবারেই খুশি নন। বলেছেন, ‘ফেডারেশনের সিদ্ধান্ত খুবই দুর্ভাগ্যজনক। অতিরিক্ত সময়ে খেলা হবে না, আমরা জানতাম না। বিরতির সময়ে জানানো হয়েছিল। অতিরিক্ত সময়ে খেলা না হয়ে সরাসরি ট্রাইব্রেকারে ম্যাচের ভাগ্য নির্ধারণ আমাদের কাছে হতাশাজনক।’
সর্বভারতীয় ফুটবল সংস্থাকে একহাত নিয়ে নবাবের বক্তব্য, ‘অনূর্ধ্ব ১৮ আই লিগ ফেডারেশনের সর্বোচ্চ ইউথ টুর্নামেন্ট। সেই প্রতিযোগিতায় অতিরিক্ত সময়ের খেলা হবে না, আগে থেকে জানানো হবে না কেন? সরাসরি টাইব্রেকারের বিষয়টি সকালে নাকি ইমেল করে জানানো হয়েছিল। ম্যাচ ছিল, কে দেখবে সকালে?’ তবে, হেরে গিয়েছেন, এখন আর প্রতিবাদের রাস্তায় হাঁটতে চাইছেন না নবাব।
আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলির মধ্যে কোপা আমেরিকায় নকআউট পর্বে এমন সরাসরি টাইব্রেকারে যাওয়ার নিয়ম প্রচলিত। কিন্তু, সেই নিয়মাবলী প্রতিযোগিতা শুরুর আগেই অংশগ্রহণকারী সব দলকে জানিয়ে দেওয়া হয়। ম্যাচের দিন সকালে ইমেল করার প্রশ্নই ওঠে না!
এই বিষয়ে ইস্টবেঙ্গলের সহকারি কোচ রঞ্জন চৌধুরী জানিয়েছেন, ‘গরমের কারণেই ফেডারেশন সম্ভবত প্রথম সেমিফাইনালে এমন সিদ্ধান্ত নিয়েছিল। এই গরমে ম্যাচের সময় বদলানো সত্যিই জরুরি।’
No comments