ফাইনালে ডাফির গোল চায় মোহনবাগান
শান্তনু ব্যানার্জি
জার্সি নম্বর ৯। ড্যারেল ডাফি। মোহনবাগান সমর্থকদের কাছে এই ৯ নম্বর জার্সিধারী এখন তুরুপের তাস। দুরন্ত ফর্মে স্কটিশ স্ট্রাইকার। ৩২ ম্যাচে ১৯ গোল করে ইতিমধ্যেই সবুজ মেরুন সমর্থকদের মনে আলাদা ঘর বেঁধে ফেলেছেন। ফেডারেশন কাপের সেমিফাইনালে চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়ে ফাইনালে উঠেছে সঞ্জয় সেনের দল। ফেডারেশন কাপের সেমিফাইনালে ডাফির মাথা এনে দিয়েছিল গোল, যা ছন্দ নষ্ট করে দিয়েছিল ইস্টবেঙ্গলের। রবিবার ফেডারেশন কাপের ফাইনালে মোহনবাগান মুখোমুখি হতে চলেছে বেঙ্গালুরু এফসির। সুনীল ছেত্রীর না থাকা নিশ্চিতভাবেই ভরসার জায়গা বাগান শিবিরের কাছে। কিন্তু তার চেয়েও বেশি তাতিয়ে রেখেছে ডাফির দুরন্ত পারফরম্যান্স। সবুজ মেরুন সমর্থকরা আশা করে আছেন রবিবারের হাই ভোল্টেজ ফাইনাল ডাফির পা থেকে গোল আসবে। কটকে এর মধ্যেই তিন গোল করে ফেলেছেন। সেমিফাইনালের পর ফাইনালেও ডাফি গোল পেলে আবারও ভারতসেরার খেতাব কলকাতায় নিয়ে আসবে মোহনবাগান, গতবারের খেতাব ধরে রেখে।
No comments