রাহুলের জোড়া গোলে শিল্ডেও হার দিয়ে শুরু ইস্টবেঙ্গলের
শান্তনু ব্যানার্জি
অনূর্ধ্ব ১৮ আই লিগ ফাইনালে হারের বদনা নিতে পারল না ইস্টবেঙ্গল। এবারও এআইএফএফ আকাদেমির কাছে হারল একই ব্যবধানে, ১-২।
জৌলুসহীন আইএফএ শিল্ডের প্রথম খেলায় নিজেদের মাঠে ইস্টবেঙ্গলের সামনে ছিল অনূর্ধ্ব ১৮ আই লিগ ফাইনালে হারের বদলা নেওয়ার সুযোগ। কিন্তু এবার ইস্টবেঙ্গলের প্রচেষ্টা ব্যর্থ করে দিলেন রাহুল যাদব, জোড়া গোল করে। বেঙ্গালুরুর ছেলে রাহুল দুটো গোলই করেছেন বিরতির পর।
বাঁ দিক থেকে জোরালো শটে প্রথমে হার মানান লাল-হলুদের গোলকিপার শোভন বিশ্বাসকে। ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল ইস্টবেঙ্গল। ঝন্টু প্রসাদের পাস থেকে বিদ্যাসাগর সিং গোল করে সমতা ফিরিয়েছিলেন। কিন্তু ফেডারেশনের ফুটবলারদের অর্গানাইজড ফুটবলের জবাব ছিল না ইস্টবেঙ্গলের কাছে। ৮০ মিনিটে ফের গোল পান রাহুল।
জোড়া গোলের মালিক রাহুল বলেছেন, ‘২০১২ সালে ফেডারেশন এলিট ফুটবল প্রোগামের সঙ্গে জড়িত হয়েছিলাম। ফল পাচ্ছি এখন।’ ডেভিড বেকহ্যামের অন্ধ ভক্ত রাহুলের কাছে দ্বিতীয় গোলটাই সেরা। ক্লাস টেন পর্যন্তই পড়াশোনা চালাতে পেরেছিলেন। যৌথ পরিবারের ছেলে রাহুলের বাড়িতে এক ভাই এবং এক বোন রয়েছে। ফুটবল খেলেই পরিবারের মুখে হাসি আনতে ইচ্ছুক বেঙ্গালুরুর যুবক।
ইস্টবেঙ্গলের পরের খেলা পাঠচক্রের বিরুদ্ধে ৩১ মে। প্রথম ম্যাচে হেরে নিশ্চিতভাবেই সেমিফাইনালের দৌড়ে খানিকটা পিছিয়ে পড়ল ইস্টবেঙ্গল।
No comments