থুথু ছেটানো মানতে নারাজ মর্গ্যান
শান্তনু ব্যানার্জি
ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতেই সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েছিলেন কোচ ট্রেভর জেমস মর্গ্যান, শুক্রবার। অনুশীলন শেষে গাড়িতে ওঠার সময়। কেন দলের এই হতশ্রী পারফরম্যান্স, জানতে চেয়েছিলেন লালহলুদ সমর্থকরা। স্বভাবতই হতাশ দেখিয়েছিল ব্রিটিশ কোচকে।
চোদ্দ চব্বিশের প্রথম সকালে সংবাদমাধ্যমকে জানালেন মর্গ্যান, ‘ঘটনাটা কিছুতেই মেনে নিতে পারছি না। এই প্রথম ক্লাবে এমন অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হল।’ তবে, হাল্কাভাবে নিচ্ছেন না বিক্ষোভের ঘটনা, পরিষ্কার তাঁর মন্তব্যে। ‘একশ্রেণীর সমর্থক অভদ্র আচরণ করেছে। প্রথমে যারা এসেছিল, তেমন কিছু করেনি। সমস্যা তৈরি করেছিল পরে যারা এসেছিল। আমার গায়ে থুথু ছিটিয়েছে। সমালোচনা করেছে, ঠিক আছে। কিন্তু থুথু ছেটানো মেনে নেব না।’
রবিবার বারাসতে ডিএসকে শিবাজিয়ান্সের বিরুদ্ধে খেলা। রেহনেশ, ইস্টবেঙ্গলের যে গোলরক্ষককে খেলানো নিয়ে সমস্যা, ছুটি দিয়ে দেওয়া হল। মর্গ্যানের মতে, ‘রেহনেশ ভুল করেছিল। ক্ষমা চেয়েছে। ওকে বিশ্রামও দেওয়া হয়েছে। পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছে। রবিবারের ম্যাচে নেই।’
শুক্রবারের ঘটনা কি প্রভাব ফেলবে রবিবারের ম্যাচে? মর্গ্যান নিশ্চিত নন। ‘জানি না, কী হতে পারে। কিন্তু ঘটনাগুলো কাঙ্ক্ষিত নয়।’
সাংবাদিক সম্মেলনে হাতির ছিলেন ওয়েডসনও। হাইতির তারকা ফুটবলার জানিয়েছেন, ‘শুক্রবারের ওই পরস্থিতি আমাদের উদ্বুদ্ধ করবে আরও ভাল খেলতে। ফুটবল এমনই। আমরা সবাই জানি, কী কী করতে হবে মাঠে। ফুটবলার জীবনে কোনও কোনও সময় নানা অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু শুক্রবারের ঘটনা অনেক বেশি আক্রমণাত্মক।’
মেহতাব হোসেন খেলবেন, জানিয়ে দিয়েছেন মর্গ্যান। ডিএসকে-ক কোচ জেভ রজার্সের মতে ইস্টবেঙ্গল বড় দলগুলোর অন্যতম। ‘কিন্তু আমার দল নিয়েই ভাবতে চাই, অন্য দল নিয়ে নয়’, জানিয়েছেন রজার্স।
রবিবার বিকেল ৪-৩৫, বারাসতে ইস্টবেঙ্গল খেলবে শিবাজিয়ান্সের বিরুদ্ধে।
No comments