• Breaking News

    মঙ্গলবার চার্চিলের বিরুদ্ধেই মাঠে ফিরছেন প্লাজা

    পরিবর্তিত পরিস্থিতিতে ফিরতি ডার্বিও কি শিলিগুড়িতে?


    শান্তনু ব্যানার্জি


    চোট সারিয়ে ফিরলেও সম্পূর্ণ সুস্থ ছিলেন না। খেলতে পারেননি শিলং লাজং এফসির বিরুদ্ধে। কলকাতাতে বসেই পাহাড়ে লাজং-বধ দেখেছিলেন টেলিভিশনে। কিন্তু, এবার মাঠে ফিরে আসতে মরিয়া উইলিস প্লাজা।

    সোমবার সকালে প্লাজাকে দেখা গেল পুরোদমে দলের সঙ্গে অনুশীলন করতে। ফলে, লাল হলুদ সমর্থকদের মনে আবার নতুন স্বপ্ন প্লাজাকে ঘিরে। অনুশীলনের সময়ে বেশ সাবলীল। বল রিসিভিং থেকে প্লেসিং কোনও কিছুতেই জড়তা দেখা যায়নি। বেশ চনমনেই ছিলেন। মঙ্গলবার ইস্টবেঙ্গল বারাসাতে নামছে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে। দু’ঘন্টার অনুশীলন শেষে গাড়িতে ওঠার সময় লাল হলুদের কোচ ট্রেভর জেমস মর্গ্যানের কাছে প্লাজার বিষয়ে জানতে চাওয়া হলে ব্রিটিশ কোচ পরিষ্কার জানান, ‘চার্চিলের বিরুদ্ধে প্লাজার মাঠে নামা অনেকটাই নিশ্চিত।’

    সোমবার সকালের অনুশীলনে লাল হলুদ কোচ সেটপিস মুভমেন্টের ওপরেই জোর দিয়েছিলেন, যথারীতি। বারাসাতের মাঠের কথা মাথায় রেখে ওয়েডসনের বিষয়ে ‘ধীরে চলো নীতিতে’ এগোতে চাইছে ইস্টবেঙ্গল থিঙ্কট্যাঙ্ক। কোনও অবস্থাতেই ঝুঁকি নিতে রাজি নয় টিম ম্যানেজমেন্ট। সোনি নর্দের দেশওয়ালি ভাইয়ের কুঁচকির চোট যাতে আরও সমস্যা তৈরি না করে তার জন্যই এই সিদ্ধান্ত। ৯ এপ্রিল ডার্বি ম্যাচের আগে লাল হলুদ জার্সি গায়ে সম্ভবত মাঠে দেখা যাবে না ওয়েডসনকে।

    তবে, চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে প্লাজাকে প্রথম একাদশে রেখেই এগোতে চাইছে ইস্টবেঙ্গল। মোহনবাগানকে হারিয়ে দেওয়ার পর ডেরিক পেরিরার চার্চিলকে নিয়ে বাড়তি গুরুত্ব ভাবনায়।

    ডার্বির ফিরতি পর্ব হওয়ার কথা চলছিল কটকে। শোনা যাচ্ছে, পরিবর্তিত পরিস্থিতিতে ফিরতি ডার্বিও নাকি শিলিগুড়িতে হওয়ার সম্ভাবনা।

    No comments