চাপেকোয়েনসে-কে সুদামেরিকানা কাপে চ্যাম্পিয়ন ঘোষণার অনুরোধ বিপক্ষ ক্লাবের
রাইট স্পোর্টস ডেস্ক
[caption id="attachment_2671" align="alignleft" width="169"]
ব্রাজিলের ফুটবল ক্লাব চাপেকোয়েনসে-কে কোপা সুদামেরিকানা-য় চ্যাম্পিয়ন হিসাবে ঘোষণার অনুরোধ জানাল ফাইনালে তাদের বিপক্ষ কলম্বিয়ার আতলেতিকো নাসিওনাল ক্লাব। দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ামক সংস্থা কনমেবল-এর কাছে এই অনুরোধ জানিয়েছে কলম্বিয়ার ক্লাব। আতলেতিকো নাসিওনাল-এর বিরুদ্ধে সুদামেরিকানা কাপের ফাইনালের প্রথম পর্বে খেলার জন্যই অভিশপ্ত বিমানে যাত্রা শুরু করেছিলেন চাপেকোয়েনসে-র ফুটবলাররা। ২২ জন ফুটবলার, ৮ জন কর্তা, ২১ জন সাংবাদিক ছিলেন ব্রিটিশ অরোস্পেস ১৪৬ বিমানে, যা ভেঙে পড়েছিল মেদেইন বিমানবন্দরে পৌঁছনোর আগেই, আন্তিওকিয়া অঞ্চলে। মাত্র তিনজন ফুটবলার – আলান রুসচেল, জাকসন ফোলমান ও জাম্পিয়ের নেতো - বেঁচে আছেন, দুর্ঘটনার ২৪ ঘন্টা পর।
কলম্বিয়ার আতলেতিকো নাসিওনাল-এর তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘মানবতার দিকটাই সবার ওপরে। প্রতিযোগিতার কথাও ভেবেছি আমরা। আর সিদ্ধান্ত নিতে সময়ও লাগেনি। কনমেবল কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন, কোপা সুদামেরিকানা-য় চ্যাম্পিয়ন হিসাবে ঘোষণা করা হোক চাপেকোয়েনসে-কে। তাদের দলের যা ক্ষতি হয়েছে, অপূরণীয়। এই মর্মান্তিক মুহূর্তে আমরা শুধু পাশে দাঁড়াতেই পারি মৃতদের পরিবার-পরিজনের, ব্রাজিলীয় ক্লাবের। আমাদের মেনে নিতে কোনও অসুবিধাই নেই যে, চাপেকোয়ানসে এবারের তো বটেই, চিরকালের জন্যই চ্যাম্পিয়ন সুদামেরিকানা কাপে।’
ব্রাজিলের ফুটবল ক্লাবগুলিও পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে। প্রথমত, সব ক্লাবই দেশের ফুটবল সংস্থাকে অনুরোধ জানিয়েছে, এ-মরসুমে যেন অবনমন না হয় চাপেকোয়েনসে-র। দ্বিতীয়ত, আরও খানিকটা এগিয়ে বেশ কিছু ক্লাব অনুরোধ রেখেছে, অন্তত তিন বছর যেন অবনমনে না পড়তে হয় চাপেকোয়েনসে-কে। দল গড়ে তুলতে ন্যূনতম এই তিন বছর সময় প্রাপ্য, মনে করছে তারা। তৃতীয়ত, মরসুমের বাকি ম্যাচগুলোর জন্য চাপেকোয়েনসে-কে ফুটবলার ‘লোন’ দিতেও তৈরি বাকি ক্লাবগুলি, জানিয়ে দেওয়া হয়েছে চাপেকোয়েনসে কর্তৃপক্ষকে।
ব্রাজিলের রাষ্ট্রপতি মাইকেল তামের তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন, মর্মান্তিক দুর্ঘটনার পর। ফুটবলের দেশ ব্রাজিল জুড়ে শোকের ছায়া, আকস্মিক এই দুর্ঘটনায়। চাপেকোয়েনসে দ্রুতগতিতেই উঠে আসছিল আন্তর্জাতিক ক্লাব ফুটবলে। ইউরোপে যেমন ইউরোপা লিগ, লাতিন আমেরিকায় তেমন সুদামেরিকানা কাপ। কোপা লিবেরতাদোরেস সেখানে চ্যাম্পিয়ন্স লিগ, তার পরের ধাপেই সুদামেরিকানা। সেই প্রতিযোগিতার ফাইনালে জিতলে চাপেকোয়েনসে নিশ্চিতভাবেই উঠে আসত ব্রাজিলের অন্যতম সেরা ক্লাব হিসাবে। কিন্তু, দুর্ঘটনা শুধু ১৯ ফুটবলার ও ৮ কর্তার জীবনই কেড়ে নেয়নি, ক্লাব-সমর্থকরা স্বপ্ন দেখার আশাটুকুও হারিয়ে ফেলেছেন। ক্লাবের সামনে তাঁরা ভিড় করে এসেছেন, শেষ শ্রদ্ধা জানিয়েছেন মৃতদের।
চাপেকোয়েনসে-র জন্য এখন প্রার্থনারত ফুটবল বিশ্ব।
No comments