জিতে সেমিফাইনালের আশা জিইয়ে রাখল নর্থইস্ট
নর্থইস্ট ইউনাইটেড ২ দিল্লি ডায়নামোস ১
(সেইত্যাসেন ৬০, রোমারিক ৭১) (মার্সেলিনিও ৯০)
আইএসএল মিডিয়া রিলিজ
[caption id="attachment_2680" align="alignleft" width="300"]
দিল্লি ডায়নামোসকে হারিয়ে সেমিফাইনালের আশা জিইয়ে রাখল জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেড এফসি। বুধবারের ম্যাচে হেরে গেলে প্রথম চারে পৌঁছনোর আশা থাকত না আর। কেরালা ব্লাস্টার্স চলে যেত সেমিফাইনালে তখন, চতুর্থ দল হিসাবে।
দিল্লিকে হারানোর ফলে পঞ্চম স্থানেই থেকে গেল নর্থইস্ট, ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট পেয়ে। কেরলের সমসংখ্যক ম্যাচে পয়েন্ট ১৯। এখন ৪ ডিসেম্বর শেষ ম্যাচে নর্থইস্ট বনাম কেরল কার্যত কোয়ার্টার ফাইনাল হয়ে দাঁড়াল, যেখানে কেরলের সুবিধা, এক পয়েন্টে এগিয়ে থাকায়। ড্র করলেও শচীন তেন্ডুলকারের দল পৌঁছে যাবে সেমিফাইনালে। কিন্তু নর্থইস্টকে প্রথম চারে থাকতে হলে জিততেই হবে। ঘরের মাঠে খেলা হওয়ার সুবিধা অবশ্য থাকছে কেরলের। তৃতীয় হিরো ইন্ডিয়ান সুপার লিগের উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠে জিতে শুরু করেছিল নর্থইস্ট। এবার বাইরের মাঠে গ্রুপ লিগের শেষ ম্যাচ জিতে আলফারো-রোমারিক-কাতসুমিদের বোঝাতে হবে, সেমিফাইনালে পৌঁছনোর যোগ্য তাঁরা।
প্রথমার্ধে বেশ কিছু গোলের সুযোগ তৈরি হলেও কোনও দলই পারেনি এগিয়ে যেতে। ম্যাচের প্রথম গোল ৬০ মিনিটে। নর্থইস্টকে এগিয়ে দিয়েছিলেন সেইত্যাসেন সিং। মাঝমাঠ থেকে জোকোরার লং বল। শৌভিক আর কিন লুইসের পেছন থেকে বেরিয়ে এসে সেইত্যাসেন বল ধরে দু-পা দৌড়ে এসে পরাস্ত করেন দোবলাসকে। শৌভিক ঝাঁপিয়েও আটকাতে পারেননি। নর্থইস্ট পায় ম্যাচে আরও আক্রমণে এগিয়ে আসার রসদ।
১১ মিনিট পরই দ্বিতীয় গোল রোমারিকের, কুলেনের পাস থেকে। বল ধরে খানিকটা সময় নিয়ে ডিফেন্সচেরা থ্রু বাড়িয়েছিলেন কুলেন। সচরাচর অমন জায়গায় বল পেলে স্ট্রাইকাররা ডান পায়ে শট নেন। রোমারিক নিলেন বাঁপায়ের আউটস্টেপ দিয়ে, যা আগুয়ান দোবলাসকে পরাস্ত করে জালে।
ম্যাচের একেবারে শেষ মুহূর্তে দিল্লির পক্ষে একটি গোল শোধ করেছিলেন এবারের আইএসএল-এর সর্বোচ্চ গোলদাতা মার্সেলিনিও। তাঁর নবম গোল, মালুদার হেড থেকে বল পেয়ে। সুব্রত পাল আগের ম্যাচেই চোট পেয়ে বেরিয়ে যেতে বাধ্য হওয়ায় নর্থইস্টের হয়ে এই ম্যাচে তিনকাঠির তলায় দাঁড়িয়েছিলেন রেহনেশ। গোললাইনে তাঁকে দাঁড় করিয়ে মাথার ওপর দিয়ে তুলে দিয়েছিলেন ব্রাজিলীয় মার্সেলিনিও। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল।
১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দিল্লি ডায়নামোস থেকে গেল তৃতীয় স্থানেই। মঙ্গলবার কলকাতা-কেরল ম্যাচ ড্র হওয়ায় সেমিফাইনালে আগেই পৌঁছে যাওয়ায় যদিও জিততেই হবে এমন কোনও চাপ ছিল না দিল্লির। কিন্তু জামব্রোতা নিশ্চিতভাবেই চাইবেন শেষ ম্যাচে মু্ম্বই সিটির বিরুদ্ধে জিতে গ্রুপ লিগ শেষ করতে।
No comments