আইএসএল: শচীনের দলকে টানা চারবার হারাল সৌরভের কলকাতা!
আতলেতিকো দে কলকাতা ১ কেরালা ব্লাস্টার্স ০
(লারা ৫৩)
আইএসএল মিডিয়া রিলিজ
৯০ মিনিটে মেহতাব হোসেনের কর্নারে অধিনায়ক সেদরিক হেঙ্গবার্তের হেড, বাইরে।
৯২ মিনিটে, ইনজুরি টাইমে, কেরভেন্স বেলফোর্ট আতলেতিকো পেনাল্টি বক্সে পড়ে গিয়েছিলেন, লালরিনডিকার পায়ের ছোঁয়া পেয়ে। পেনাল্টির আবেদন করেছিল কেরালা ব্লাস্টার্স। রেফারি এসে বেলফোর্টকে হলুদ কার্ড দেখান, পেনাল্টি বক্সে ‘ডাইভ’ দিয়ে পেনাল্টি আদায়ের চেষ্টা করায়।
পাঁচ মিনিটের ইনজুরি টাইমের শেষ দেড় মিনিটে আরও দুটি কর্নার যার প্রথমটি থেকে সন্দেশ ঝিঙ্গনের হেড দেবজিৎ মজুমদার বারের ওপর দিয়ে তুলে দিয়েছিলেন।
কিন্তু, গোটা ম্যাচে একটিও শট তিনকাঠিতে রাখতে পারেনি কেরল, ঘরের মাঠে ৫৪,৯০০ সমর্থকের সামনে। যার ফল ভুগতে হল, টানা দ্বিতীয় ম্যাচ হেরে। প্রথমবারের ফাইনাল ধরে টানা চতুর্থ ম্যাচে কলকাতার কাছে হারল কেরালা ব্লাস্টার্স।
প্রথমার্ধে বেশ কিছু সুযোগ তৈরির পর আতলেতিকো গোল পায় ৫৩ মিনিটে। বক্সের বাইরে থেকে শট নিয়েছিলেন হাভি লারা। নিচু শট সন্দেশ ঝিঙ্গনের বাঁপায়ের ভেতরের দিকে লেগে দিক পরিবর্তন করে কেরলের গোলরক্ষক স্ট্যাককে দাঁড় করিয়ে জালে জড়িয়ে যায়। লারা আগের বারও কেরলের বিরুদ্ধেই গোল করেছিলেন। অ্যাওয়ে ম্যাচে গোল তাঁকে এনে দিল ম্যাচের সেরার সম্মান।
মাঝমাঠে লারার উপস্থিতি ভরসা বাড়াচ্ছে নিজের দলের। আর সমীঘ দুতির সঙ্গে দুর্দান্ত বোঝাপড়ায় বারবার প্রান্ত বদলে বিপক্ষ রক্ষণকে বিপর্যস্ত করছেন বারবার। দ্বিতীয় ম্যাচেও দুতি গোল করার জায়গায় পৌঁছে গিয়েছিলেন, প্রথম ম্যাচের মতোই। কিন্তু কেরলের গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি।
আইএসএল-এ শুধু নয়, হেলদের পোস্তিগার আন্তর্জাতিক ফুটবল-জীবনও চোট সমস্যায় জর্জরিত। গতবার খেলতে এসে প্রথম ম্যাচে জোড়া গোল করলেও ম্যাচ সম্পূর্ণ করতে পারেননি পর্তুগিজ পোস্তিগা। আর খেলেননিও ২০১৫ আইএসএল-এ। এবার চোট পেলেন দ্বিতীয় ম্যাচে। প্রথম ম্যাচে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে ৯০ মিনিটের পর দ্বিতীয় ম্যাচে কেরলের বিরুদ্ধে ৮ মিনিটে বেরিয়ে আসতে হয়। শেষে ১৬ মিনিটে খুয়ান বেলেনকোসো মাঠে আসেন, পোস্তিগার জায়গায়। অর্থাৎ ১০০ মিনিটেরও কম খেললেন পোস্তিগা, আপাতত তাঁর দ্বিতীয় আইএসএল-এ!
প্রথম ম্যাচের দলে ছ’জন ফুটবলার বদলেছিলেন ইংরেজ কোচ স্টিভ কোপেল। দ্বিতীয় ম্যাচে শুরু থেকেই দলে ছিলেন প্রতীক, রফিক, হোসু, ফারুখ, নাজোঁ ও এনডয়ে, যাঁরা প্রথম ম্যাচে প্রথম এগারয় ছিলেন না নর্থইস্টের বিরুদ্ধে। কলকাতার প্রথম এগারয় দুজন পাল্টেছিলেন স্পেনীয় মোলিনা। রবার্টের জায়গায় প্রবীর দাস, আর আহত বিক্রমজিৎ সিংয়ের জায়গায় জুয়েল রাজা। কেরলের ৪-৪-২ ছকের বিরুদ্ধে মোলিনার ৪-২-৩-১। কিন্তু ছ’জন পাল্টেও কোপেল পেলেন না কাঙ্ক্ষিত ফল। আতলেতিকোর দুই স্টপার, ভারতীয় অর্ণব মন্ডল ও স্পেনীয় তিরির জুটি, প্রথম অ্যাওয়ে ম্যাচে নির্ভরতা দিল কলকাতাকে। কোপেলের বিদেশিরা অবশ্য বিপক্ষের অ্যাটাকিং থার্ডে প্রয়োজনীয় সূক্ষ্মতা দেখাতে ব্যর্থ।
শচীন তেন্ডুলকারের মালিকানায় কেরালা ব্লাস্টার্স তৃতীয় আইএসএল অভিযান শুরু করল, প্রথম দুটি ম্যাচেই হেরে। সৌরভ গাঙ্গুলির আতলেতিকো দে কলকাতা এখনও অপরাজিত। সংগ্রহে ২ ম্যাচে ৪ পয়েন্ট। আপাতত দ্বিতীয় স্থানে, নর্থইস্ট ইউনাইটেডের পরে।
No comments