রিচার্লিসনের দুরন্ত গোলে প্রথম জয় জিকোর
মুম্বই সিটি এফসি ০ এফসি গোয়া ১
(রিচার্লিসন ৪১)
পরপর দুটি অ্যাওয়ে ম্যাচ থেকে চার পয়েন্ট তুলে নিল জিকোর এফসি গোয়া, প্রথম তিন ম্যাচ শূন্যের পর! হিরো ইন্ডিয়ান সুপার লিগে কোনও দল প্রথম পাঁচ ম্যাচে একটিতেও জেতেনি, এমন হয়নি। গতবারের ফাইনালিস্ট গোয়া দাঁড়িয়েছিল সেই অনাকাঙ্ক্ষিত রেকর্ডের কাছে। কিন্তু মুম্বই এরিনায় রিচার্লিসনের দুর্ধর্ষ গোলে এবারের আইএসএল-এ প্রথম জয় পেয়ে স্বস্তি এখন গোয়ার।
অন্যতম সেরা গোল পেলেন রিচার্লিসন, তৃতীয় আইএসএল-এর। ফ্রি কিক পেয়েছিল গোয়া। হুলিও সিজার ফ্রি কিক রেখে দিয়েছিলেন বক্সের মধ্যে। বল মাটিতে পড়ে উঠছে যখন, পেছন থেকে দৌড়ে এসে বাঁপায়ে জোরালো ভলি চলন্ত বলে, রিচার্লিসনের। বল বারের নিচের দিকে লেগে জালে, গোলরক্ষকের বাঁচানোর কোনও সুযোগই ছিল না। আইএসএল-এ সচরাচর ম্যাচের নায়ক হচ্ছেন তাঁরাই যাঁদের গোলে দল জিতছে। তাই রিচার্লিসনই পেলেন ম্যাচের সেরার পুরস্কারও।
ম্যাচটা মুম্বই সিটি এফসি শুরু করেছিল জোরালো তাগিদ দেখিয়ে। ঘরের মাঠে নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে এবং দ্বিতীয় ম্যাচে আতলেতিকো দে কলকাতার সঙ্গে ম্যাচ ড্র রাখার পর আবারও জিতে পয়েন্ট তালিকায় নর্থইস্টকে শীর্ষস্থান থেকে সরিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল রনবীর কাপুরের দল। মার্কি ফুটবলার দিয়েগো ফোরলান ফিরে এসেছিলেন, ছিলেন সোনি নর্দেও। তাই তেড়েফুঁড়ে শুরু করেছিল মুম্বই। গোয়ার প্রথম চোখে পড়ার মতো আক্রমণ ২৫ মিনিটে। কিন্তু, অ্যাটাকিং থার্ডে মুম্বইয়ের ফুটবলারদের সৃজনশীলতার অভাব চোখে পড়ল বারবার। ফোরলান তেমন বল পেলেন না বলে দূর থেকে শট নিলেন, কিন্তু তিনকাঠিতে রাখতে পারলেন না। নর্দেও সাইডলাইন থেকে কাট করে ভেতরে ঢুকলেন হাতে-গোনা কয়েকবার। গোয়ার রক্ষণ প্রশংসা পাওয়ার মতোই খেলল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই রবিন সিং এবং তারপর রাজু গায়কোয়াড়, সুবর্ণ সুযোগ হারান গোয়াকে আরও এগিয়ে দেওয়ার। রবিন তো ছ’গজের মধ্যেই ছিলেন, ফাঁকায়। তাঁর পায়ে এতটা ফাঁকায় চলে আসবে সিজারের নামিয়ে দেওয়া বল, রবিন বোধহয় ভাবতেই পারেননি। তা ছাড়াও, বলটা পেয়েছিলেন ডান পায়ে। তাই দুর্বল শট, ধরতে কোনও অসুবিধাই হয়নি মুম্বই গোলরক্ষক ভোলপাতোর। তার ঠিক দু’মিনিটের মধ্যেই সিজার আবার ফ্রি কিক রেখেছিলেন, রাজু বিনা বাধায় এগিয়েও গিয়েছিলেন হেড করতে, কিন্তু বলে-মাথায় ঠিকঠাক হয়নি। গোল বাড়ানোর এমন সুযোগ ফুটবল-মাঠে সচরাচর পাওয়া যায় না!
ষষ্ঠ ম্যাচে দ্বিতীয় হার মুম্বইয়ের। ভারতের পশ্চিম উপকূলের দুই দল যথাক্রমে কেরালা ব্লাস্টার্স ও এফসি গোয়ার কাছে। যদিও, ৮ পয়েন্ট নিয়ে থেকেই গেল দ্বিতীয় স্থানে। আর, তিন পয়েন্টও পাল্টাতে পারল না গোয়ার অবস্থান। এখন ৪ পয়েন্ট নিয়ে অষ্টম। কিন্তু, জিকো যা বলেছিলেন, তালিকা যতটা খারাপ দেখাচ্ছে ততটা খারাপ মোটেই খেলছে না গোয়া, শেষ দুটি ম্যাচে প্রমাণিত। প্রথম আইএসএল-এর মতো তৃতীয়বারেও পঞ্চম ম্যাচে প্রথম জয় পেয়ে, পরের ম্যাচে কেরলের মুখোমুখি হওয়ার আগে বাড়তি আত্মবিশ্বাসী এখন গোয়া।
No comments