২২ বছর পর দুই ইনিংসে সেঞ্চুরি, সৌরভকে ছুঁলেন ঈশ্বরণ
৯১ বলে ঝোড়ো ১০০ নট আউট শ্রীবৎসের
[caption id="attachment_2006" align="alignleft" width="300"]
রাইট স্পোর্টস ডেস্ক
মরসুমের শুরুতেই স্বপ্নের ফর্মে অভিমন্যু ঈশ্বরণ। প্রথম ইনিংসে ১৪২ করেছিলেন। দ্বিতীয় ইনিংসেও তাঁর ব্যাট থেকে বেরলো ১১০ নট আউট।
এর আগে বাংলার হয়ে মাত্র তিন জন দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন। যার মধ্যে পঙ্কজ রায়েরই রয়েছে দু’বার। ওড়িষা ও হায়দরাবাদের বিরুদ্ধে। ১৯৯০-৯১ মরসুমে ওড়িষার বিরুদ্ধে অশোক মালহোত্রা করেছিলেন দুই ইনিংসে সেঞ্চুরি। এর পর ১৯৯৪ সালে আসামের বিরুদ্ধে ইডেনেই দু’ইনিংসে সৌরভ করেছিলেন ১৪৮ ও ১০০। ২২ বছর পর ফের বাংলার কোনও এক ব্যাটসম্যান দুই ইনিংসে সেঞ্চুরি করলেন ঈশ্বরণ।
ওপেনার ঈশ্বরণ যখন গোলালি শহর জয়পুরে সাফল্যের আকাশে, তখন তাঁর উল্টো দিকে বিধ্বংসী ব্যাটিং করছেন শ্রীবৎস গোস্বামী। শেষ পর্যন্ত ৯১ বলে ১০০ নট আউট থেকে যান। মেরেছেন ১৭টা চার, একটা ছয়। এই দু’জনের দাপটেই দ্বিতীয় ইনিংসে বাংলা ২৭৪-৬ তুলে ডিক্লেয়ার করে দেয়। চতুর্থ দিনের বাকি কয়েক ঘণ্টায় উত্তরপ্রদেশকে তুলতে হত ৩৩০ রান। তবে তার অনেক আগেই ড্র ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিশ্চিত করে ফেলেছিল বাংলা।
উত্তরপ্রদেশের বিরুদ্ধে বাংলার এ বারের রঞ্জি অভিযান শুরুটা বাংলাকে দুটো কারণে খুব স্বস্তিদায়ক জায়গায় রাখল।
এক, দুই ওপেনারের ছন্দে থাকা। অভিমন্যু ঈশ্বরণ যদি দুই ইনিংসে সেঞ্চুরি করে থাকেন, তবে অন্য ওপেনার সায়নশেখর মণ্ডল প্রথম ইনিংসে ৩০ করে ফিরলেও দ্বিতীয় ইনিংসে করলেন ৫১। বাকি ব্যাটসম্যানরাও রানের মধ্যে। ক্যাপ্টেন মনোজ তিওয়ারি ও শ্রীবৎসের সেঞ্চুরির পাশাপাশি সুদীপ চ্যাটার্জি, অগ্নিভ পানরাও রান পেয়েছেন।
দুই, বোলাররা চেষ্টা করছেন টিমকে জয় এনে দেওয়ার। অশোক দিন্দা থেকে শুরু করে প্রজ্ঞান ওঝা, অমির গনি, সায়ন ঘোষরা প্রত্যেকেই ভালো বোলিং করেছেন প্রথম ইনিংসে।
তবে সব ছাপিয়ে গিয়ে বাংলা জুড়ে শুধু একটাই নাম--- অভিমন্যু ঈশ্বরণ!
No comments