অনূর্ধ্ব ১৬ ডার্বি দু’গোলে জিতল মোহনবাগান
রাইট স্পোর্টস ডেস্ক
অনূর্ধ্ব ১৬ আই লিগে মোহনবাগান ২-০ জিতল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। দুটি গোল করেন যথাক্রমে দীপ সাহা এবং সৌগত হাঁসদা। ম্যাচে প্রথম থেকেই প্রাধান্য ছিল মোহনবাগানের। সেই প্রাধান্যের সঙ্গে সাযুজ্য রেখেই দুই অর্ধে দুটি গোল। ইস্টবেঙ্গলের ছোটদের কাছে যার জবাব ছিল না।
অনন্ত ঘোষের প্রশিক্ষণে মোহনবাগানের জুনিয়র দল বেশ ভাল খেলছে। এই জয়ের ফলে মোহনবাগান টানা তিন ম্যাচে জিতে ৯ পয়েন্ট পেল। আর তৃতীয় ম্যাচে প্রথম হেরে এখন তিন ম্যাচে ইস্টবেঙ্গলের সংগ্রহে চার পয়েন্ট। এই প্রতিযোগিতায় ইস্টবেঙ্গলের কোচ অশ্রুজিৎ চ্যাটার্জি। এআইএফএফ-এর পরিচালনায় এবার অনূর্ধ্ব ১৬ আই লিগ চালু হয়েছে যেখানে আই লিগের সব দলেরই ছোটরা খেলছে।
মোহনবাগান মাঠে এই ম্যাচ দেখতে প্রচুর সমর্থক এসেছিলেন। দুই দলের খেলা ঘিরে দর্শকদের অতি উৎসাহে মাঝে সমর্থকদের মধ্যে হাতাহাতিও হয়। পুলিসি হস্তক্ষেপে গন্ডগোল থামে। তবু, ছোটদের খেলা ঘিরেও মোহনবাগান মাঠে এত মানুষ এসেছিলেন, যা নিশ্চিতভাবেই প্রমাণ করে দেয় যে, এই ম্যাচ ঘিরে মানুষের কৌতূহল সবসময়ই বেশি। কলকাতা লিগে এই ডার্বিতে মোহনবাগান খেলেনি। অনূর্ধ্ব ১৬ ডার্বিতে অবশ্য খেলল এবং জিতলও!
No comments