• Breaking News

    মোহনবাগান খেলতে গেল না কল্যাণীতে, ওয়াকওভার ইস্টবেঙ্গলের

    রাইট স্পোর্টস ডেস্ক

    [caption id="attachment_1629" align="alignleft" width="227"]big match tem list বড় ম্যাচের সরকারি ‘প্লেয়ার্স-লিস্ট’। মোহনবাগানের দিকে কারও নাম নেই![/caption]

    প্রত্যাশামতোই এল না মোহনবাগান। ওয়াকওভার দিল ইস্টবেঙ্গলকে। কলকাতা ফুটবল লিগের বড় ম্যাচে। কল্যাণী স্টেডিয়ামে নিয়ম মেনে হাজির ছিল ইস্টবেঙ্গল। ম্যাচ কমিশনার আধঘন্টা অপেক্ষা করেন। তারপর জানিয়ে দেন, মোহনবাগান না-আসায় ম্যাচ হল না। পয়েন্ট দেওয়া বা কাটা নিয়ে সিদ্ধান্ত হবে আইএফএ-র লিগ সাবকমিটির সভায়। সেটা ম্যাচ কমিশনারের আওতায় পড়ে না। তিনি রিপোর্ট দেবেন আইএফএ-কে। জানিয়ে দেবেন, মোহনবাগান হাজির না থাকায় মরসুমের প্রথম প্রদর্শনী ম্যাচ করা যায়নি।


    ইস্টবেঙ্গলের অন্যতম সিনিয়র ফুটবলার মেহতাব হোসেন অবশ্য খেলতে না-পেরে অখুশি। বললেন, ‘এই ম্যাচটার জিকেই তো তাকিয়ে থাকে সবাই। আমাদের দলে বেশ কয়েকজন কমবয়সী প্রতিভাবান ফুটবলার আছে। মোহনবাগানেরও ছিল। আর ফুটবলার হিসাবে জানি, এই ম্যাচটা খেলার জন্য মুখিয়ে থাকে সবাই। নায়ক হয়ে ওঠার সুযোগ চাই আমরা, ফুটবলাররা। আর আমরা, মানে ফুটবলাররা সব সময়ই খেলতে চাই। রোজ রোজ তো আর ডার্বি হয় না। একটা বড় সুযোগ হারাল সব ফুটবলারই। ম্যাচটা খেললেই ভাল হত হয়ত।’


    ওয়াকওভার পেয়ে টানা সপ্তম লিগজয়ের দিকে এগিয়ে গেল ইস্টবেঙ্গল, অনেকটাই। কিন্তু, এভাবে এগিয়ে যাওয়া পছন্দ হচ্ছে না গুরবিন্দর সিংয়ের। ‘মোহনবাগানের বিরুদ্ধে না খেলে বা মোহনবাগানকে না হারিয়ে লিগ জিততে বিস্বাদ লাগবে! খেললে সব দিক দিয়েই ব্যাপারটা ভাল হত। কেন ওরা খেলল না, জানি না। কিন্তু আমরা ফুটবলাররা সব সময়ই চাই খেলে জিততে। খেলতে গিয়ে হারতেও হয়, কিন্তু খেলে জেতার মজাই আলাদা।’


    হৃদয় ভেঙে গিয়েছে নীলিমেশ রায়চৌধুরির। কল্যাণীর স্টেডিয়াম ২২ লক্ষ টাকা খরচ করে নতুন করে তৈরি করেছিলেন কল্যাণী পুরসভার চেয়ারম্যান-উপদেষ্টা নীলিমেশ। ‘জানি, পরের দুটো ম্যাচ, ইস্টবেঙ্গল-মহমেডান আর মোহনবাগান-মহমেডান থেকে টাকা হয়ত খানিকটা উঠে আসবে। কিন্তু, কল্যাণীতে এমন একটা বড় ম্যাচ আয়োজনের সুযোগ পেয়েছিলাম, তারপরও ম্যাচটা হয়নি মোহনবাগান খেলতে না-আসায়, এই দুঃখটা থাকবেই। মন ভেঙে গেল বলাটাই ঠিক। দেখানোর সুযোগ ছিল, আমরা কতটা কী করতে পারি। সেই সুযোগটা পেলাম না। কল্যাণীতেও এই ম্যাচ ঘিরে যথেষ্ট উৎসাহ ছিল ফুটবলপ্রেমীদের মনে। ওঁরাও বঞ্চিত হলেন।’


    বল এখন আইএফএ-র কোর্টে আবার। ওয়াকওভার সম্পর্কিত নিয়মগুলো কি ঠিকঠাক মানা হবে? নাকি, এখানেও আবার অন্য কিছুর সম্ভাবনা থাকছে, জানা যাবে আইএফএ চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর পর।

    No comments