অলিম্পিকের প্রথম ম্যাচে রোনালদোর দেশের কাছে হেরে গেল মেসির দেশ
(গোনসালো ৬৬’, পিতে ৮৪’)
রাইট স্পোর্টস ডেস্ক
খারাপ সময় কাটছে না আর্জেন্তিনার।
দেশ জুড়ে যখন লিও মেসির অবসর নিয়ে ডামাডোল কাটছে না, ঠিক তখনই অলিম্পিকের প্রথম ম্যাচেই পর্তুগালের কাছে ০-২ হেরে গেল আর্জেন্তিনা। ২০০৮ সালে মেসি কিন্তু বেজিং অলিম্পিকে সোনা দিয়েছিলেন আর্জেন্তিনাকে।
ইউরো কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর রোনালদোর দেশে ফুটবল আবেগ তুঙ্গে। পর্তুগাল দুর্দান্ত খেলে শুরু করল রিও অলিম্পিক। প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির পর গোনসালো পাসিয়েন্সিয়া এগিয়ে দেন টিমকে। তার কিছুক্ষণের মধ্যে ২-০ করেন পিতে।
ম্যাচের পর পাসিয়েন্সিয়া বলেছেন, ‘আমরা এখানে এসেছি টুর্নামেন্টটা জেতার জন্য। সিনিয়র টিম ইউরো কাপ জেতার পর প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে। যদি আমরা অলিম্পিকে সোনাটা জিতে দেশে ফিরতে পারি, তা হলে এই প্রজন্মের হাত ধরেও দেশের ফুটবল আরও কিছুটা এগোবে।’
আর্জেন্তিনাতে খেলছেন দিয়েগো সিমিয়নের ছেলে জিওভানি। বিরতির পর পরিবর্ত হিসেবে নামেন তিনি। কিন্তু কিছুই করতে পারেননি। আর্জেন্তিনা ফুটবলে এখন ডামাডোল চলছে। মাসখানেক আগেও অলিম্পিকে টিম পাঠানো নিয়ে ব্যাপক সমস্যা চলছিল মেসির দেশে। শেষ পর্যন্ত আর্জেন্তিনার অলিম্পিক সংস্থা হস্তক্ষেপ করে। অলিম্পিকের প্রথম ম্যাচে নামার পরও বোঝা গেল, সমস্যা কাটেনি। সারা ম্যাচে কার্যত কিছুই করতে পারেনি আর্জেন্তিনা। প্রথমার্ধটা তাও খেলা ধরার চেষ্টা করলেও বিরতির পর ০-১ হতেই খেলা থেকে হারিয়ে যান মেসির দেশের ফুটবলাররা।
অন্য ম্যাচের ফল
নাইজেরিয়া-৫ : জাপান-৪
দক্ষিণ কোরিয়া-৮ : ফিজি-০
সুইডেন-২ : কলম্বিয়া-২
মেক্সিকো-২ : জার্মানি-২
হন্ডুরাস-৩ : আলজেরিয়া-২
No comments