তিন প্রধান সহ আরও ১০ ক্লাবকে আর্থিক সাহায্য ঘোষণা মমতার
ফ্লাডলাইটের জন্য ২ কোটি ইস্টবেঙ্গলকে
রাইট স্পোর্টস ডেস্ক
বছর কয়েক আগে তিন প্রধানকে তাদের পরিকাঠামোর উন্নয়নের জন্য এক কোটি করে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার শুধু ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডান নয়, ময়দানের আরও দশ ক্লাবকে পঞ্চাশ লাখ করে দু’বছরে মোট এক কোটির প্রতিশ্রুতি দিলেন মমতা।
সোমবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ইস্টবেঙ্গল দিবসের অনুষ্ঠানে মমতা বলেন, ‘রাজ্য সরকারের উপর অনেক চাপ। প্রচুর দেনা চেপে রয়েছে। তাই ইচ্ছে থাকলেও অনেক কিছু করে উঠতে পারি না। তার মধ্যেও চেষ্টা করছি। তিন প্রধান সহ ময়দানের দশটি ক্লাবকে সাধ্য মতো সাহায্য করার চেষ্টা করলাম।’
শুধু তাই নয়, মোহনবাগানের মতো ইস্টবেঙ্গল ক্লাবকেও ফ্লাডলাইটের জন্য ২ কোটি টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ৯৭ বছর বয়স হল ইস্টবেঙ্গলের। সেই মঞ্চে দাঁড়িয়েই মমতা বলেন, ‘তিন বছর পর একশো বছরে পা দিতে চলেছে ইস্টবেঙ্গল। আরও জাঁকজমক করে তা পালন করা হবে।’
সামনের বছর ভারতে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ। কলকাতাতে বেশ কিছু ম্যাচ হবে বিশ্বকাপে। সে দিকেও যে তাঁর নজর আছে, তা পরিষ্কার করে দিয়েছেন মমতা। মঞ্চের নীচে বসে থাকা একঝাঁক বাচ্চাকে মঞ্চে তুলে মমতা বলেন, ‘এরাই ভবিষ্যৎ দেশের, বাংলার।’ অনুষ্ঠানে হাজির ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। প্রাক্তন ভারত অধিনায়ক ভাইচুং ভুটিয়া।
ভারত গৌরব মিলখা সিং শারীরিক অসুস্থতার জন্য আসতে পারেননি। তাঁর বদলে তাঁর ম্যানেজার পুরস্কার নিয়ে যান। লাল-হলুদের দুই জীবনকৃতি শ্যাম থাপা ও শ্যামল ঘোষ পুরস্কার পেয়ে আপ্লুত।
No comments