• Breaking News

    অভিমানী নেইমার ছাড়লেন ব্রাজিলের নেতৃত্ব

    [caption id="attachment_1485" align="alignleft" width="300"]প্রথম অলিম্পিক সোনার স্বাদ নেইমারদের। ছবি— টুইটার প্রথম অলিম্পিক সোনার স্বাদ নেইমারদের। ছবি— টুইটার[/caption]

    রাইট স্পোর্টস ডেস্ক

    অভিমান?

    নাকি, তাতে মিশে রয়েছে আরও অন্য কিছু?

    ব্রাজিলকে অলিম্পিকে সোনা দেওয়ার পর ঘণ্টা খানেকের মধ্যে বোমা ফাটালেন নেইমার। ঘোষণা করে দিলেন, তিনি আর দেশের নেতৃত্ব দেবেন না। সিনিয়র জাতীয় টিমের নতুন কোচ তিতে যেন নতুন ক্যাপ্টেন বেছে নেন।

    অলিম্পিকের জন্য কোপা শতবার্ষিকীতে বিশ্রাম দেওয়া নেইমারকে। গ্রুপ লিগ থেকে ছিটকে যাওয়ার পর নেইমারকে নিয়ে সমালোচনা শুরু হয়েছিল। জনতা বলেছিল, কোপাটা খেলতেই পারতেন নেইমার। অলিম্পিকের শুরুতে টিম যখন একের পর এক ম্যাচ ড্র করছে, তখনও তাঁকেই দাঁড় করানো হয়েছিল কাঠগড়ায়। সেই নেইমার ব্রাজিলকে প্রথম বার অলিম্পিক জেতানোর পর নিজেকে সরিয়ে নিয়েছেন নেতৃত্ব থেকে।

    পোডিয়ামে উঠে সোনা নিয়ে উৎসবে মেতেছিলেন নেইমার। তখনও ঘুর্ণাক্ষরে বোঝা যায়নি, কী অভিমান চেপে রেখেছেন ব্রাজিলের সোনার ছেলে! যার বিস্ফোরণ ঘটল একটু পরেই। মিডিয়ার মুখোমুখি হতেই প্রথম প্রতিক্রিয়া দিতে গিয়ে নেইমার বলে দিয়েছেন, ‘ক্যাপ্টেনের আর্মব্যান্ড আমি খুলে ফেলছি। ব্রাজিলের অধিনায়কত্ব আর করব না।’

    ফাইনালে প্রায় একাই জিতিয়েছেন ব্রাজিলকে। জার্মানির বিরুদ্ধে তাঁর গোলেই ১-০ এগিয়ে যায় ব্রাজিল। টাইব্রেকারে শেষ কিকটা নিয়ে জেতান সেই নেইমারই। অলিম্পিকে প্রথম সোনা জয় নিয়ে যখন সারা দেশ জুড়ে উন্মাদনা, তখন নেইমারের সিদ্ধান্তে স্তম্ভিত হয়ে যান সমর্থকরা।

    ২০১৪ সালে দুঙ্গা তাঁকে অধিনায়ক বেছেছিলেন। কেন সরে গেলেন নেইমার? তিনি নিজেই বলেছেন, ‘ব্রাজিলের নেতৃত্ব আমার কাছে চাপের নয়। এটা মিডিয়ার তৈরি করা। দেশের ক্যাপ্টেন্সিকে সম্মান জানিয়েছি। কিন্তু সরে দাঁড়ানোর এটাই সেরা সময়। তিতে নতুন অধিনায়ক বেছে নিন।’

    প্রথম অলিম্পিক সোনার তৃপ্তিতে বিষাদ মিশে গেল অধিনায়ক নেইমারের হারিয়ে যাওয়ায়!

    No comments