অজয়ের গোলে শীর্ষে আবার মোহনবাগান
মোহনবাগান ১ সাদার্ন সমিতি ০
অজয় সিং, ৮০
রাইট স্পোর্টস ডেস্ক
পরপর দু’ম্যাচে পাঁচ ও চারগোলের পর হয়ত এমনটাই প্রত্যাশিত!
মোহনবাগান জিতল। কিন্তু গোল পেতে মাথা খুঁড়তে হল সাদার্ন সমিতির রক্ষণাত্মক দেওয়ালে। সঙ্গে, নিজেদের মাঠের প্রতবিন্ধকতাও। প্রবল বৃষ্টিতে খেলা হওয়া নিয়েই সংশয়। তা-ও শেষ পর্যন্ত খেলা হল মোহনবাগান মাঠের জলনিকাশি ব্যবস্থা ভাল বলেই। কিন্তু মাঠে বল আটকে গেল প্রায়শই। এমন মাঠে গোলের ছন্দ ধরে রাখা মুশকিল যেমন, বিপক্ষ রক্ষণকেও কৃতিত্ব দিতেই হবে, ম্যাচ আকর্ষক করে তোলার জন্য।
মোহনবাগানের প্রশ্নাতীত আধিপত্য বোঝাতে ১১ কর্নারের তথ্য যথেষ্ট। কিন্তু সাদার্ন সমিতি সেই কর্নারগুলো থেকে লাভ তুলতে দেয়নি সবুজমেরুন ফুটবলারদের। লিগের প্রথম দুটি ম্যাচে নিজেদের মাঠে যেভাবে ফুটবল খেলেছিলেন প্রবীর-আজহার-ডাফি, ব্যহত হয়েছিল মাঠের অবস্থায়। তবুও গোলমুখ খোলেনি এমন নয়। কিন্তু রোজ যেমন সব ঠিকঠাক হয় না, তৃতীয় ম্যাচে মোহনবাগানের ফরোয়ার্ড লাইনেও গোলের আলো জ্বলছিল না।
মাঠজুড়ে স্বস্তি ৮০ মিনিটে। বাঁদিক দিয়ে বাইলাইনে পৌঁছে গিয়েছিলেন ম্যাচের সেরা আজহার। বাঁপায়ে মাইনাস রাখেন বক্সের ভেতর অপেক্ষমান অজয় সিংয়ের জন্য। অজয়ও এক মুহূর্ত সময় নষ্ট করেননি। চলতি বলেই বাঁপায়ে শট নিয়ে পরাস্ত করেন সাদার্ন গোলরক্ষক সৌরভকে, গোটা ম্যাচে যাঁকে হার মানানো কঠিন ছিল। গোলের সময় অবশ্য করার কিছুই ছিল না সৌরভের।
পরের দশ মিনিটে সাদার্নও চেষ্টা করেছিল, একটা গোল তুলে নিয়ে এক পয়েন্ট পেতে। কিন্তু গোল পেয়ে যাওয়ার পর শঙ্করলাল চক্রবর্তীর মোহনবাগান নিজেদের মাঠে গোল খায়নি। তিন ম্যাচে তৃতীয় জয় এবং দশ গোল দিয়ে খেয়েছে মাত্র একটি। ফলে, গোল পার্থক্য ৯, যা মোহনবাগানকে তুলে দিল কলকাতা লিগ তালিকায় শীর্ষে। ৯ পয়েন্ট এবং গোল পার্থক্য ৪ থাকায় ইস্টবেঙ্গল দ্বিতীয় স্থানে। ১১ দলের লিগে দুই প্রধানেরই এখনও ৭টি করে খেলা বাকি। তালিকায় এখন চলবেই এই উত্থান-পতন!
দিনের অন্য ম্যাচে টালিগঞ্জ অগ্রগামীকে ২-০ হারিয়ে লিগ আরও জমিয়ে দিল এরিয়ান। চার ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে টালিগঞ্জ এখন চতুর্থ। ৪ পয়েন্ট নিয়ে এরিয়ান আছে সপ্তম স্থানে এরিয়ান।
No comments