মেসি দেশের হয়ে না খেললে ফুটবলের ক্ষতি, বলছেন রোনাল্দিনহো
রাইট স্পোর্টস ডেস্ক
এক সময় তিনিই এগিয়ে দিয়েছিলেন আর্জেন্টেনিয়ান স্টারকে। সেই সময় বার্সেলোনায় তিনি ছিলেন শুধুই লিও মেসি। এলএম টেন হননি। যিনি তখন ‘দাদা’র ভূমিকায় ছিলেন, সেই রোনাল্দিনহো এখনও মনে করেন, বিশ্বের সেরা ফুটবলার মেসিই।
ব্রাজিলিয়ান স্টার রোনাল্দিনহো এখন ভারতে। প্রিমিয়ার ফুটসল খেলতে। তারই এক ফাঁকে প্রাক্তন বার্সেলোনা স্টার বলেছেন, ‘মেসিই এখন বিশ্বের সেরা ফুটবলার। ও কিংবদন্তি হওয়ার পথে হাঁটছে। দেশের হয়ে মেসি ট্রফি জিতল কিনা সেটা বড় ব্যাপার নয়। মেসি যদি জাতীয় দলের হয়ে না খেলে, সেটা ফুটবলের পক্ষে বড় ক্ষতি।’
মেসির সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে তাঁর। এখনও সময় পেলে ফুটবল নিয়ে কথা হয় দু’জনে। মেসির এক সময়ের মেন্টর রোনাল্দিনহো বলছেন, ‘মেসির জন্য এক সময় আমি যা করেছি, ও সেটা এখন করছে নেইমারের জন্য। এই কারণেই নেইমার বার্সেলোনার মতো ক্লাবে দ্রুত মানিয়ে নিতে পেরেছে। সাফল্য পাচ্ছে।’
পাঁচ বার বিশ্বকাপ জেতা ব্রাজিল কখনও অলিম্পিকে সোনা জেতেনি। এ বার রিও অলিম্পিকে সেই স্বপ্নপূরণ হতে পারে বলে মনে করছেন রোনাল্দিনহো। তাঁর কথায়, ‘নেইমারের মতো ফুটবলার রয়েছে টিমে। ও ফারাক গড়ে দিতে পারে। ও আমার খুব ভালো বন্ধু। অলিম্পিকে যদি নেইমার জ্বলে উঠতে পারে, তা হলে ব্যাপারটা অন্য রকম হবে।’
No comments