১২ বছরের যন্ত্রণা মুক্তির শেষ সুযোগ রোনাল্দোর
রাইট স্পোর্টস ডেস্ক
মিশেল প্লাতিনির সবচেয়ে বেশি গোলের রেকর্ডটা কি ভেঙে দেবে ক্রিস্তিয়ানো রোনালদো? বুধবার রাতেই?
উয়েফার নির্বাসিত প্রেসিডেন্ট প্লাতিনির ৯ গোল ছিল ইউরো কাপে। রোনালদো দাঁড়িয়ে ৮-এ। গ্যারেথ বেলের ওয়েলশের বিরুদ্ধেই হয়তো ইউরোর সর্বোচ্চ স্কোরারের তালিকায় লিখে ফেলবেন সিআর সেভেন।
গোলের খাতায় নয়, রোনালদো হয়তো ডুবে বারো বছর আগের যন্ত্রণায়!
লিসবনের সেই রাতে মাঠের মাঝখানে দাঁড়িয়ে কাঁদতে দেখা গিয়েছিল এক ১৯ বছরের তরুণকে। ২০০৪ সালের ৪ জুলাই ইউরো কাপ ফাইনালে গ্রিসের কাছে সে দিন হেরে গিয়েছিল পর্তুগাল। অঝোরে কাঁদতে থাকা ‘ছোট’ রোনালদো সেই থেকে জায়গা করে নিয়েছিলেন জনতার মনে। পরের বারো বছরে তিনি স্টার ফুটবলার। কিন্তু ১২ বছর আগে ঘরের মাঠে সেই যন্ত্রণার রাত কি ভুলতে পেরেছেন?
৩১ বছরের রোনালদো এখনও বয়ে বেড়াচ্ছেন সেই স্মৃতি। সেমিফাইনালে ওঠার আগেই বলতে শোনা গেছে, ‘টিমটা আমাদের দারুণ ছিল। জেতার উচিত ছিল ট্রফিটা। সত্যি বলতে কী, ১৯ বছরে প্রথমে আন্তর্জাতিক ট্রফি জেতার স্বাদ পেতে চেয়েছিলাম।’
বারো বছর পেরিয়ে গিয়েছে, ইউরো কাপ আর জেতা হয়নি রোনাল্দোর। আরও দুটো ইউরো কাপ পেরিয়ে কেরিয়ারে এটা চার নম্বর। ৩১ বছরের সিআর সেভেনের কাছে এটাই সেরা সুযোগ ইউরো জেতার। তিনি নিজেও হয়তো জানেন। তাই বারবার বলছেনও, ‘ট্রফির খুব কাছে পৌঁছে গেছি। আর দুটো ম্যাচ। আমাদের ঝাঁপাতেই হবে।’
No comments