মেসির মাথায় এখন সাদা চুল!
তিনি তো রিটায়ার্ড! তাই তাঁর এখন সাদা চুল!
বান্ধবী আন্তোনেলা রোকুজো ছবিটা পোস্ট করেছেন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। তারপর থেকেই সাদা চুলের মেসির ছবি দেখার ধূম লেগেছে সোশ্যাল নেটওয়ার্কে।
শতবার্ষিকী কোপা আমেরিকা ফাইনালে টাইব্রেকারে চিলের কাছে হেরেছিল আর্জেন্তিনা। নিজে মিস করেছিলেন প্রথম পেনাল্টিটাই। খেলা শেষে জানিয়ে দিয়েছিলেন, আর খেলবেন না আর্জেন্তিনার জার্সিতে, যা নিয়ে প্রচুর জল্পনাকল্পনা। কিন্তু, বার্সেলোনার হয়ে খেলবেন অবশ্যই। মাঠে নামলেই দেখা যাবে এই সাদা চুলের মেসিকে এখন।
বার্সেলোনা এবার প্রাক-মরসুম তিনটি ম্যাচ খেলবে ব্রিটিশ দ্বীপপুঞ্জে। ৩০ জুলাই কেল্টিক এফসি-র বিরুদ্ধে খেলা দিয়ে শুরু। ৩ অগাস্ট ও ৬ অগাস্ট খেলা যথাক্রমে লেস্টার সিটি ও লিভারপুলের বিরুদ্ধে। সেন্ট জর্জেস পার্কে বার্সেলোনার ২৫ জনের দলের শিবিরে যোগ দেবেন মেসি। নেইমার যেহেতু অলিম্পিকে খেলবেন ব্রাজিলের হয়ে, তিনি প্রাক-মরসুম ম্যাচগুলোয় খেলবেন না। সুয়ারেজ আসছেন, মেসি-সুয়ারেজ যুগলবন্দি দেখতে পাবেন ব্রিটিশরা।
তার আগে পাঁচবারের বালন দি’ওর পাওয়া ফুটবলারের মাথায় সাদা চুল! ব্লিচ করে এমনভাবে চুলের রঙ পাল্টানোয় ওস্তাদ মেসির দুই বার্সেলোনা-সতীর্থ। একজন আছেন এখনও, নেইমার। অন্যজনও ব্রাজিলীয়, দানি আলভেস। দুর্দান্ত সম্পর্ক ছিল আলভেসের সঙ্গে, মেসিকে সবচেয়ে বেশি গোলের বল বাড়িয়েছিলেন তিনিই। এবার যদিও আলভেস চলে গিয়েছেন জুভেন্তাসে। গোলের পাস বাড়ানোর মতো চুলের রং বদলানোর পরামর্শটাও কি দিয়ে গিয়েছিলেন ব্রাজিলীয় আলভেস?
No comments