অভিনব গানের সিডি আনছে মেরিনার্স ওয়ার্ল্ড
রাইট স্পোর্টস ডেস্ক
পঞ্চাশ ফুট লম্বা ওই বিশাল সবুজ-মেরুন পতাকাটা ছিল এক সময়ের বিস্ময়। বড় ম্যাচ থাকলে যা দেখা যেত যুবভারতীতে।
সবুজ-মেরুন পোশাক পরে বা দু’হাতে গলদা চিংড়ি ঝুলিয়ে মাঠে আসার ট্রেন্ডও বেশ পুরোনো।
নতুন-পুরোনো যা কিছু ছিল সব ভেঙে দিয়ে এক অভিনব উদ্যোগ নিল মোহনবাগানের এক ‘ফ্যানস ক্লাব’ মেরিনার্স ওয়ার্ল্ড। প্রিয় ক্লাবকে নিয়ে বের করে ফেলল গানের সিডি ‘মনে গানে মোহনবাগান’।
ক্লাবের অফিসিয়াল কোনও থিম সং নেই। ১৯১১ সালে শিল্ড জয়ের উপর তৈরি ‘এগারো’ সিনেমার ‘আমাদের সূর্য মেরুন’ই বাজতে শোনা যায় ক্লাবের নানা অনুষ্ঠানে। সেই দিক থেকে মেরিনার্স ওয়ার্ল্ডের তরফে এই উদ্যোগ রীতিমতো চমকে দেওয়ার মতো। এখানেই থেমে নেই বাগানের ফ্যানস ক্লাবের সদস্যরা। মোহনবাগানের ছবি ও সবুজ-মেরুন রংয়ের খাতাও তারা বের করে ফেলেছে। যা টানবে ক্লাবের খুদে সমর্থকদের।
সিডিতে রয়েছে চারটে চার রকম স্বাদের গান। ‘খেলার মাঠ’, ‘মোহনবাগান মাঠে নামছে’, ‘মাঠে মাঠে উঠছে স্লোগান’, ‘হাত কাটলে মোহনবাগান’। চারটে গানই মন ছুঁয়ে যাবে। গান গেয়েছেন সাতজন শিল্পী, সুরদীপ হাজরা, পল্লব চক্রবর্তী, শুভেন্দু ঠাকুর, অর্ঘ্য সরকার, পায়েল দে, তিয়াশা দে ও প্রীতম মণ্ডল। কথায় ও সুরে সুরদীপ হাজরা ও প্রদীপ হাজরা। স্পনসর দিয়ালা কিডস ওয়্যার। ২৯ জুলাই, মোহনবাগান দিবসে বিকেল চারটের সময় এই সিডি ও খাতা উদ্বোধন করবেন ক্লাবের শীর্ষ কর্তারা।
এর আগে মোহনবাগানের কোনও সমর্থক-সদস্যরা এমন অভিনব ঘটনা ঘটায়নি। মেরিনার্স ওয়ার্ল্ডের এক সদস্যের কথায়, ‘আমরা মাঠে গিয়ে টিমকে যেমন সমর্থন করি, মাঠের বাইরে মোহনবাগানের নামটা যাতে নতুন প্রজন্মের মধ্যে আরও ছড়িয়ে যায়, তার চেষ্টাও করছি। সেই ভাবনা থেকেই এই সিডি ও খাতা।’
ভাবনা যাই হোক না কেন, মাঠে বল পড়ার আগেই সুপারহিট!
No comments