২২ গ্র্যান্ড স্লাম, স্টেফিকে ছুঁলেন সেরেনা
রাইট স্পোর্টস ডেস্ক
অস্ট্রেলিয়া আর ফ্রান্সে পারেননি। সেন্টার কোর্টেই এল ২২তম গ্র্যান্ড স্লাম। স্টেফি গ্রাফের সঙ্গে এখন একবিন্দুতে সেরেনা উইলিয়ামস!
সপ্তম ট্রফি উইম্বলডনে। গ্রাফের দেশেরই অ্যাঞ্জেলিক কের্বের-কে ফাইনালে ৭-৫, ৬-৩ গেমে হারিয়ে। এই বছরেই বার দুই চেষ্টা করেছিলেন। তার মধ্যে একবার তো কের্বেরই রুখে দিয়েছিলেন তাঁকে, অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে। ফরাসি ওপেন ফাইনালে হারতে হয়েছিল গারবিনে মুগুরুজার কাছে। উইম্বলডনে অবশেষে ২১ পেরিয়ে গেলেন সেরেনা, অবলীলায়, দু’সেটে!
সাউথ-ওয়েস্ট লন্ডনের সেন্টার কোর্টে নিজেই সার্ভিস করছিলেন দ্বিতীয় সেটের নবম গেমে। তিনটি পয়েন্ট পরপর জেতেন। সুতরাং, তিনটি ম্যাচ পয়েন্ট পকেটে। চতুর্থ পয়েন্টের সময় সার্ভ করেই এগিয়ে এসেছিলেন নেটে। কের্বের চেষ্টা করেছিলেন পাসিং শট নিতে। পেরিয়ে যেতে পারেননি। সেরেনার ফোরহ্যান্ড ভলি কোর্টের ভেতরে পড়ে কের্বেরকে পরাস্ত করে বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গেই ইতিহাস!
ট্রফি হাতে নিয়ে উচ্ছ্বসিত সেরেনা কিন্তু ধন্যবাদ দিতে ভোলেননি অ্যাঞ্জেলিক-কে। ‘অ্যাঞ্জেলিক, তোমার বিরুদ্ধে খেলতে ভালবাসি। তুমি খুব, খুব ভাল। যখন আমরা কোর্টের বাইর যাই, ওর সঙ্গে যাওয়ার আনন্দটাই আলাদা। এত ভাল মানুষ হওয়ার জন্যও ধন্যবাদ।’
২২তম খেতাব? ‘কী-ই বা বলব! দেখুন, এমন তো আর হয় না যে ভাবব না ২২তম খেতাবটা নিয়ে। চেষ্টা করছিলাম। এই বছরেই দুবার দুই গ্রেটের কাছে হেরে ফিরে আসতে হয়েছে। আশা ছাড়িনি। আপনাদের সবাইকে ধন্যবাদ, বারবার ২২ সংখ্যাটা মনে করিয়ে দেওয়ার জন্য। এই কোর্টটাকেও এখন আমার বাড়িই মনে হ্য়! ডবলসের ফাইনাল খেলতে আর একটু পরেই তো ফিরব!’
আর কিছু বলতে পারছিলেন না। সম্ভবও নয়! ইতিহাস সৃষ্টি করেন যাঁরা, কেন তাঁরা বলবেন? বলবে তো মানুষ। যাঁরা ছিলেন সেন্টার কোর্টে দর্শক। যাঁরা ছিলেন টেলিভিশনের সামনে বিশ্বজুড়ে। আজকের পর থেকে তাঁরা প্রত্যেকেই বলবেন, ‘আমি দেখেছিলাম তো সেরেনাকে, ২২তম গ্র্যান্ড স্লাম জিততে!’
সেরেনার ২২ গ্র্যান্ড স্লাম
অস্ট্রেলিয়ান ওপেন – ৬
ফ্রেঞ্চ ওপেন – ৩
উইম্বলডন – ৭
ইউ এস ওপেন – ৬
মোট - ২২
স্টেফির ২২ গ্র্যান্ড স্লাম
অস্ট্রেলিয়ান ওপেন – ৪
ফ্রেঞ্চ ওপেন – ৬
উইম্বলডন – ৭
ইউ এস ওপেন – ৫
মোট – ২২
No comments