সৌরভ সচিনের মনোনীত কুম্বলেই ভারতের কোচ
রাইট স্পোর্টস ডেস্ক
প্রত্যাশা ছিল। ছিল কিছুটা সংশয়ও। বলা হচ্ছিল, রবি শাস্ত্রীর সঙ্গে আসল লড়াই লড়তে হবে। ভারতীয় বোর্ড কোচ কে, তা ঠিক করতে কর্তারা কথা বলবেন বিরাট কোহলির সঙ্গে। এতো অঙ্ক, এতো টানাপোড়েন রইল না। সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলির ক্রিকেট কমিটির অনুমোদনেই শিলমোহর দিয়ে দিলো বিসিসিআই। আগামী এক বছরের জন্যে বিরাট কোহলি মহেন্দ্র সিংহ ধোনিদের কোচ অনিল কুম্বলে।
ধরমশালায় বিসিসিআই প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর সাংবাদিক সন্মেলনে বলেন, "অনেক নাম পড়েছিল, তাঁদের মধ্যে থেকে অনিল কুম্বলেকে বেছে নেওয়া হল। আগামী এক বছরের জন্যে কুম্বলেকে ভারতের কোচ করা হল। প্রচুর অভিজ্ঞতা, অসংখ্য ম্যাচ জেতানো বোলার, কুম্বলে ভারতের কোচ হিসেবে দেশকে সাফল্য দিতে পারবেন।"
বিরাট - ধোনিদের কোচ হওয়ার পর কুম্বলে বলেছেন, "ক্রিকেট জীবনে বরাবর চ্যালেঞ্জ নিয়েছি।এটাও আমার কাছে একটা নতুন চ্যালেঞ্জ।" একই সঙ্গে কুম্বলে বলেছেন, " কোচ হওয়ার জন্য আবেদন জানানোর আগে পরিবারের সঙ্গে কথা বলেছিলাম, ওরা পূর্ণ সমর্থন করেছে। ক্রিকেটার হিসেবে অনেক কিছু পেয়েছি। এবার ফিরিয়ে দেওয়ার পালা।"
No comments